‘নিরাপদ’ পানীয়টি হতে পারে তরুণদের কিডনি রোগ ও অ্যাংজাইটির কারণ
এনার্জি ড্রিংকে থাকে চিনি। নানাবিধ স্বাস্থ্যঝুঁকি বাড়ে কেবল এই একটি উপাদানের জন্যই। আর্টিফিশিয়াল সুইটনার বা কৃত্রিম চিনি মোটেও স্বাস্থ্যকর নয়। যেকোনো পানীয়ে মিষ্টতা আনার জন্য অন্য কোনো কৃত্রিম উপাদান ব্যবহার করা হলে তাতেও স্বাস্থ্যের ক্ষতি হয়। এনার্জি ড্রিংকে আরও থাকে ক্যাফেইন। উচ্চমাত্রার ক্যাফেইন মারাত্মক ক্ষতির কারণ। একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তির জন্য যতটা ক্যাফেইন নিরাপদ, উঠতি বয়সের একটি ছেলে বা মেয়ের জন্য তা নিরাপদ নয়। এনার্জি ড্রিংকে থাকা আরও কিছু রাসায়নিক উপাদানের কারণেও স্বাস্থ্যঝুঁকি সৃষ্টি হতে পারে। এ প্রসঙ্গে বলছিলেন ধানমন্ডির পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মেডিসিন কনসালট্যান্ট ডা. সাইফ হোসেন খান।
হৃৎপিণ্ডের যত ঝুঁকি
অতিরিক্ত পরিমাণে এনার্জি ড্রিংক খেলে এতে থাকা ক্যাফেইনের কারণে হৃৎপিণ্ডের গতি অস্বাভাবিকভাবে বেড়ে যেতে পারে। কখনো কখনো ব্যাহত হতে পারে হৃৎপিণ্ডের স্বাভাবিক ছন্দ। তাই অতিরিক্ত এনার্জি ড্রিংক খাওয়া কখনোই উচিত নয়। পরিমাণে খুব বেশি না হলেও নিয়মিত এসব পানীয় খেলে উচ্চ রক্তচাপের ঝুঁকিও বাড়ে। পরবর্তী সময়ে হার্ট অ্যাটাকের মতো মারাত্মক সমস্যাও দেখা দিতে পারে। যাঁদের পরিবারে হৃদ্রোগের ইতিহাস আছে, তাঁদের ক্ষেত্রে হৃৎপিণ্ডের বিভিন্ন সমস্যার ঝুঁকি অনেক বেশি বাড়িয়ে দিতে পারে এনার্জি ড্রিংক।
অন্যান্য শারীরিক সমস্যার ঝুঁকি
ক্যাফেইনের কারণে কারও কারও তীব্র মাথাব্যথা হয়। অন্যদিকে আবার নিয়মিত এনার্জি ড্রিংক খেলে ডায়াবেটিস এবং উচ্চ রক্তচাপের ঝুঁকি বাড়ে। ফলে বাড়তে পারে স্ট্রোক এবং দীর্ঘমেয়াদি কিডনি রোগের আশঙ্কাও। প্রিজারভেটিভের উপস্থিতির কারণেও কিডনির কর্মক্ষমতা কমে যাওয়ার ঝুঁকি সৃষ্টি হয়।
Post a Comment